সিরাজগঞ্জে ১৯ ঘণ্টা বিদ্যুৎবিহীন স্বাস্থ্য কমপ্লেক্সে চরম ভোগান্তিতে রোগীরা
গরমে রোগীদের বেহাল দশা।ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার বিকেল ৪টা থেকে মঙ্গলবার পর্যন্ত ১৯ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। এতে রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের কষ্ট বেড়েছে। হাসপাতালের সমস্ত পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্টাফ কোয়ার্টারে বিদ্যুৎ থাকলেও প্রধান ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ৫০ শয্যার হাসপাতালের প্রধান ভবনে অপারেশন থিয়েটার, ওয়ার্ড, পরীক্ষা-নিরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চালানো হয়। সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কয়েক দফায় লাইন মেরামতের চেষ্টা ব্যর্থ হয়। এছাড়া জেনারেটরেও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।

রোগী ও হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্টরা জানান, বিদ্যুৎ না থাকায় নেবুলাইজার ব্যবহার, পানি সরবরাহ ও পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রয়েছে। হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের খবর দেওয়া হয়েছে এবং দ্রুত সমস্যার সমাধান আশা করা হচ্ছে।

আরবিএ/আরটিএনএন