
যশোরের শার্শা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের সমর্থকরা।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, পিআইও শাহারিয়ার মাহমুদ রঞ্জু দীর্ঘদিন ধরে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম করে নির্দিষ্ট ব্যক্তিদের কাজ পাইয়ে দেওয়া, জনপ্রতিনিধিদের মাধ্যমে ভুয়া ভাউচারে স্বাক্ষর নিয়ে অর্থ উত্তোলন, অসম্পূর্ণ কাজ সম্পন্ন দেখিয়ে টাকা আত্মসাৎ এবং একই ব্যক্তিকে একাধিক প্রকল্প প্রদান করার অভিযোগও উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, শার্শা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানের সঙ্গে যোগসাজশে এসব অনিয়ম সংঘটিত হয়েছে।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পিআইও শাহারিয়ার মাহমুদ রঞ্জু। তিনি বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বিভিন্ন প্রকল্পের কাজ তার অনুসারীদের দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এতে তিনি রাজি না হওয়ায় তাকে হুমকি দেওয়া হয় এবং পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি আরও দাবি করেন, সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয় এবং সেই কমিটির মাধ্যমেই কাজ সম্পন্ন হয়। তার দায়িত্ব শুধুমাত্র কাজ তদারকি ও বুঝে নেওয়া।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।



