লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ফেয়ারডিলসহ ৩ নারী আটক, সারাদেশ, র‌্যাব, মদক, আটক, ফেয়ারডিল, ফেনসিডিল, নেশা,
র‌্যাবের লোগো।ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় র‍্যাব-১৩-এর অভিযানে ১৩২ বোতল ফেনসিডিলজাতীয় মাদক ‘ফেয়ারডিল’ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন নারীকে আটক করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, রবিবার (৫ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর র‍্যাব-১৩-এর একটি দল কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আলহাজ আব্দুল কাদির জামে মসজিদের সামনের পাকা সড়ক থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৩২ বোতল ‘ফেয়ারডিল’ জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিন নারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুপালী (৪৩), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার স্মৃতি আক্তার (২৪) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোমেনা খাতুন (৪৯)।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

র‍্যাব জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত মাদকসহ তাদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।