
যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রাশেদুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) শহরের কাজীপাড়ার আব্দুল আজিজ সড়কের বাসিন্দা, মৃত মুন্সী আব্দুল আলীমের ছেলে শরিফুর আলম বাদী হয়ে এ মামলা করেন।
সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন অভিযোগটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস।
এদিকে মামলার বাদী শরিফুর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ আদালতের সামনের রাস্তা থেকে তাকে আটক করে নিয়ে গেছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম. এ. গফুর।
মামলার অভিযোগে জানা গেছে, আইনবহির্ভূত বিভিন্ন আদেশ প্রদান, আইনজীবীদের সঙ্গে অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে যশোর জেলা আইনজীবী সমিতি গত ৪ মার্চ সাধারণ সভা করে আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে। এরপর থেকে আজ পর্যন্ত যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের কার্যক্রম আইনজীবীদের অনুপস্থিতিতেই পরিচালিত হয়ে আসছে।
মামলার বাদী শরিফুর আলমের একটি মামলা এই আদালতে বিচারাধীন ছিল। গত ৩০ মার্চ আইনজীবীদের আদালত বর্জনের কারণে তিনি সশরীরে আদালতে উপস্থিত হয়ে সময়ের আবেদন জমা দেন। কিন্তু বিচারক রাশেদুর রহমান সেই আবেদন নামঞ্জুর করে বাদীর বক্তব্য একতরফাভাবে গ্রহণ করেন। আদেশে বিবাদীর অনুপস্থিতি উল্লেখ করে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করা হয় এবং যুক্তিতর্কের জন্য দিন ধার্য করা হয়।
বাদী মামলায় উল্লেখ করেন, বিচারক রাশেদুর রহমান বিচারাধীন বিভিন্ন মামলায় ক্ষমতার অপব্যবহার করে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে দুর্নীতি প্রতিরোধ আইন লঙ্ঘন করেছেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন ও কোতোয়ালি থানায় দেওয়া অভিযোগ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা দায়ের করেন।



