
বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে রেইস প্রকল্পের আওতায় পাবনায় উৎসবমুখর পরিবেশে ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি মাঠে আয়োজিত এ মেলায় ৪০টির বেশি জাতীয় ও স্থানীয় নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। এতে প্রায় চারশ’ প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী অংশগ্রহণ করেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন রেইস প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়কারী ও পিকেএসএফ-এর ব্যবস্থাপক গোলাম জিলানী। এছাড়া বক্তব্য দেন সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. কলিমুদ্দন, পল্লবী সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান বিদ্যুৎ কুমার রায়, পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মকছেদুল আলম, পাবনা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মিয়া, পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক খোন্দকার খালেদ হাসান টিপু এবং ওসাকার সিনিয়র পরিচালক মাজহারুল ইসলামসহ অনেকে।
পরে অতিথিরা ফিতা কেটে জব ফেয়ার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, হিরো মোটোকর্প, প্রাণ-আরএফএল ও বিডিজবসসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান এবং তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেন।
অনুষ্ঠানে প্রকল্পের শিক্ষানবিশ কার্যক্রমে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের মধ্যে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়। পিকেএসএফ-এর সহযোগী সংস্থা পাবনা প্রতিশ্রুতি, পিসিডি এবং ওসাকা যৌথভাবে এই জব ফেয়ারের আয়োজন করে।
আয়োজকরা জানান, মেলায় লাইভ সিভি রিভিউ, ক্যারিয়ার কাউন্সেলিং এবং প্রকল্পভুক্ত তরুণ উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
তারা আরও জানান, এ ধরনের উদ্যোগ দক্ষ তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি নিয়োগদাতাদের উপযুক্ত জনবল খুঁজে পেতে সহায়তা করে এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জব ফেয়ারে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশীরা।



