
প্রথিতযশা সাংবাদিক আব্দুল মজিদ দুদু পাবনার সাংবাদিকতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন পাবনার সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
শনিবার (৪ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আব্দুল মজিদ দুদুর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তার লেখনি সবসময় পাবনার মানুষের কল্যাণে দিকনির্দেশনা দিয়েছে। তথ্য-উপাত্ত ও সত্যতা ছিল তার সংবাদের মূল ভিত্তি। ব্যক্তিগত চিন্তা-চেতনা কখনও তার সংবাদে প্রতিফলিত হয়নি।
পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের ভিআইপি অডিটরিয়ামে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য দেন—পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, দ্য ডেইলি অবজারভার প্রতিনিধি নরেশ মধু, একুশে টেলিভিশন ও মানবজমিন-এর স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী, দ্য ডেইলি নিউএজ-এর প্রতিনিধি মাহফুজ আলম, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শাহীন রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকার নির্বাহী পরিচালক মাজহার ইসলাম এবং আসিয়াবের পরিচালক আব্দুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত আব্দুল মজিদ দুদুর রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম আলাউদ্দিন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।



