
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৪৯ জন। মোট উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭ জনে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এসব তথ্য নিশ্চিত করেন হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস।
তিনি জানান, মার্চ মাসের শুরু থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে মোট ৩৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন ভর্তি হয়েছেন, যার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি হামের প্রাদুর্ভাব দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এছাড়া নওগাঁ, নাটোর ও পাবনা জেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন।
শুধু রাজশাহী বিভাগ নয়, খুলনা বিভাগের কুষ্টিয়া ও মেহেরপুর এবং ঢাকা বিভাগের রাজবাড়ী ও ফরিদপুর জেলার রোগীরাও বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোগীর ক্রমবর্ধমান চাপ প্রসঙ্গে ডা. শংকর কে বিশ্বাস বলেন, “রোগীর সংখ্যা আরও বাড়লে পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের আইসোলেশন সক্ষমতা বৃদ্ধি করা হবে।”



