জ্বালানি তেল
অভিনব কৌশলে পেট্রোল পাচারের সময় আটক মোটরসাইকেল।ছবি: আরটিএনএন

পঞ্চগড়ে মোটরসাইকেলের পেছনে বিশেষভাবে তৈরি বাক্স ব্যবহার করে অভিনব কৌশলে পেট্রোল পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি মোটরসাইকেল ও প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের একটি ফিলিং স্টেশন থেকে কয়েক দিন ধরে একটি মোটরসাইকেলে কোম্পানির গাড়ির আদলে তৈরি বিশেষ বাক্স বসিয়ে প্রতিদিন একাধিকবার পেট্রোল নেওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় হাবিবুর রহমান নামে এক ব্যক্তি নজরদারি শুরু করেন।

গত বৃহস্পতিবার তিনি একটি মোটরসাইকেলকে ধাওয়া করলেও সেটি পালিয়ে যায়। পরে শুক্রবার দুপুরে একই ধরনের আরেকটি মোটরসাইকেল পেট্রোল নিয়ে বের হলে তিনি পুনরায় ধাওয়া করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেলটি আটক করা হয়।

পরে মোটরসাইকেলের পেছনে তৈরি বিশেষ বাক্স খুলে তিনটি বড় জারে রাখা পেট্রোল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এসব জারে প্রায় ৫০ লিটার পেট্রোল ছিল।

খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে। পরে জব্দ করা পেট্রোল ফুয়েল কার্ডধারীদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, স্থানীয়দের সহযোগিতায় তেল জব্দ করা হয়েছে। অভিযুক্ত মোটরসাইকেল আরোহী পলাতক রয়েছেন। বৈধ কাগজপত্র ও ফুয়েল কার্ডধারীদের মধ্যে ন্যায্যমূল্যে তেল বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তেলটি কোথা থেকে আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।