
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পৌর এলাকার ঠেঙ্গাপুর গ্রামে তুলসীগঙ্গা নদীতে ডুবে আব্দুল্লাহ (৮) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) আনুমানিক সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই গ্রামের ইঞ্জিনিয়ার ফারুক হোসাইনের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। সে ১৮ পারার হাফেজ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, সকালে আব্দুল্লাহ তার কয়েকজন সহপাঠীর সঙ্গে তুলসীগঙ্গা নদীর তীরে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে সে নদীতে পড়ে গিয়ে তলিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিস-এর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশির পর শিশুটিকে উদ্ধার করা হলেও তাকে মৃত ঘোষণা করা হয়।
আক্কেলপুর ফায়ার সার্ভিস স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চালানো হয় এবং স্থানীয়দের সহযোগিতায় অভিযান সম্পন্ন করা হয়।



