
নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন—কালিকাপুর গ্রামের গোকুল উদ্দিনের ছেলে মো. পলাশ উদ্দিন (২৫), শুটকি বাদাল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রইস উদ্দিন (২২), বিল বয়রা পূর্বপাড়া গ্রামের মৃত কফের আলীর ছেলে এমদাদুল হক মিঠুন (৪৫), একই উপজেলার কালিকাপুর গ্রামের মৃত আলেম মোল্লার ছেলে আবুল কালাম আজাদ (৩৫) এবং বিষ্ণুপুর পূর্বপাড়া গ্রামের মিন্টু ইসলামের ছেলে জনি ইসলাম (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে মান্দা থানাধীন কালিকাপুর ইউনিয়নের হুলিবাড়ী (মোজার মোড়) এলাকায় আনারুল ইসলামের লিচু বাগানে অভিযান চালানো হয়। এ সময় ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ মাদক বিক্রয় ও সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



