ডায়মন্ড
বিজিবির অভিযানে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক।ছবি: আরটিএনএন

যশোর-ঝিকরগাছা মহাসড়কে ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ড (হীরক) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে।

বৃহস্পতিবার (২এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বিশেষ টহল দল প্রায় ১৫৫.৭৬ গ্রাম ওজনের ডায়মন্ডসহ এক ব্যক্তিকে আটক করে।

আটক ব্যক্তির নাম সুজাউদ্দিন (৫২)। তিনি ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকায় চোরাকারবারীদের কাছ থেকে ডায়মন্ড সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসব ডায়মন্ড কলকাতায় অজ্ঞাত এক ব্যক্তির কাছে হস্তান্তরের কথা ছিল।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি গত এক মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন।

উদ্ধারকৃত ডায়মন্ডগুলো পুলিশের উপস্থিতিতে যশোরের ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিনিধির মাধ্যমে পরীক্ষা করে প্রাথমিকভাবে আসল হিসেবে শনাক্ত করা হয়েছে। উদ্ধারকৃত ডায়মন্ডের আনুমানিক মূল্য ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা।

এছাড়া তার কাছ থেকে বাংলাদেশি ৫,৫৩০ টাকা, ভারতীয় ৫,৮৮০ রুপি (প্রায় ৭,৭৬১ টাকা), ৫৫০ মার্কিন ডলার (প্রায় ৬৭,৬৫০ টাকা), ২০০ থাই বাথ (প্রায় ৭৫০ টাকা), একটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ঘড়ি উদ্ধার করা হয়েছে।

সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত ডায়মন্ড ও বৈদেশিক মুদ্রা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।