নিহত, চালক
নিহতের মরদেহ দেখতে এলাকাবাসীর ভিড়। ছবি: আরটিএনএন

ময়মনসিংহের গৌরীপুরে দ্রুত গতির একটি মাছবাহী ট্রাকের ধাক্কায় বাবুল (৪৫) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বাবুল ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জ অভিমুখী তেলাপিয়া মাছভর্তি একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি অটো রিকসাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। 

এতে অটোরিকশা চালক বাবুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ হাসপাতাল থেকে নিজ গ্রামে পৌঁছালে এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকচালকের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে কিছু সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের আশ্বস্ত করে অবরোধ তুলে নেওয়া হয়। 

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।