ময়মনসিংহে বাবার হাতে শিশু পুত্র খুনের অভিযোগ।
ময়মনসিংহে বাবার হাতে শিশু পুত্র খুনের অভিযোগ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশু পুত্রকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম লাবিব। সে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা সোহাগ চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। একাধিক বিয়ে করায় লাবিবের মা তাকে নিয়ে বাবার বাড়িতে না থেকে নানার বাড়িতে থাকতেন।

বুধবার বিকেলে সোহাগ শ্বশুরবাড়িতে গিয়ে ছেলে লাবিবকে সঙ্গে করে নিয়ে যায়। এরপর সন্ধ্যা ৭টার দিকে শ্বশুরবাড়ির পাশের একটি নির্জন স্থান থেকে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বিষয়টি থানায় জানালে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, প্রাথমিকভাবে এটি বাবার হাতে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত সোহাগ বর্তমানে পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।