
রাজবাড়ী সদর উপজেলায় তেল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মাহতীর মোল্লা (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার বানিবহ হরাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহতীর মোল্লা বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল বারেক মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহতীর মোল্লা মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী শহরের একটি পেট্রোল পাম্পে তেল আনতে যাচ্ছিলেন। পথে বানিবহ হরাই ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।



