সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনায় নিহত ফুলবাড়ীয়া কলেজের ইংরেজি সাহিত্যের প্রভাষক সারোয়ার এ কাইয়ুম।ছবি: আরটিএনএন

ময়মনসিংহ-ফুলবাড়ীয়া দাপুনিয়া এলাকায় সড়কে ট্রাক লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও ৪ যাত্রী আহত হয়েছেন। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে দাপুনিয়ার বাগানবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, ফুলবাড়ীয়া কলেজের ইংরেজি সাহিত্যের প্রভাষক সারোয়ার এ কাইয়ুম (৫৫) ও ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা এলাকার আবু বক্করের মেয়ে শিফা আক্তার (২৭)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দাপুনিয়া থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক লরির সঙ্গে ফুলবাড়ীয়া থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা যাত্রী ফুলবাড়ীয়া কলেজের ইংরেজি সাহিত্যের প্রভাষক সারোয়ার এ কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত অন্য যাত্রীদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিফা আক্তারের মৃত্যু হয়। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক লরি ও সিএনজি জব্দ করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।