
দেশের বর্তমান পরিস্থিতিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচার রোধে রাজশাহীতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৯ মার্চ) সকাল ১১টায় রাজশাহী রেলস্টেশনের যমুনা অয়েল কোম্পানির রেলহেড ডিপোর সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানান।
তিনি বলেন, রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ১২টি পেট্রোল পাম্পে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি রাজশাহী রেলস্টেশনসংলগ্ন পদ্মা ও যমুনা অয়েল ডিপো এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। সীমান্তবর্তী পদ্মার চর এলাকাতেও নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি জানায়, পার্শ্ববর্তী দেশ ভারতে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় একটি অসাধু চক্র তেল মজুত করে সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছে। এ পরিস্থিতিতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে কেউ অবৈধভাবে তেল মজুত বা পাচার করতে না পারে।
সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয়, রাজশাহীর ৬৪টি পেট্রোল পাম্পের ওপর নজরদারি রাখা হচ্ছে, যার মধ্যে ১২টি সীমান্ত এলাকায় অবস্থিত। পাচার রোধে ইতোমধ্যে ১৯২টি বিশেষ টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি ২৮৮টি চেকপোস্ট বসিয়ে আড়াই হাজারের বেশি যানবাহন তল্লাশি করা হয়েছে।
বিজিবি জানায়, তেল পাচার ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।



