
বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী স্লিপার বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীনগর উপজেলা-এর খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন বাবু। অন্য নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে যাত্রী নিয়ে ‘হেরিটেজ স্লিপার কোচ’ নামের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে চন্ডিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেওয়া হচ্ছে।



