
ময়মনসিংহের ফুলপুরে মাটির নিচে ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পয়ারী রোড, আমুয়াকান্দা এলাকায় মেসার্স পপি ট্রেডার্স নামের পেট্রোল পাম্পে (মিনি পাম্প) অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই পাম্পে অভিযান চালানো হয়। অভিযানে পাম্প মালিকের বাসার ভিতরে মাটির নিচে রাখা দুটি ট্যাংকি এবং দুটি গাড়ি থেকে জ্বালানি মজুদ করার তথ্য পাওয়া যায়।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এসময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানে ৪৫০০ লিটার পেট্রোল এবং ১৯৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযুক্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে মজুদকৃত জ্বালানি পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রির জন্যও আটক করা হয়।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, "গত দেড় থেকে দুই মাস ধরে ওই জ্বালানি মজুদ করা হচ্ছিল। দাম বৃদ্ধি হলে মালিক এসব জ্বালানি বিক্রি করার পরিকল্পনা করছিলেন। জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে।"
তিনি আরও জানান, গত রাতে হালুয়াঘাটে অভিযান পরিচালনা করে ২৩৫ লিটার জ্বালানি জব্দ করা হয়েছে।



