
পঞ্চগড় সদর উপজেলা-এ আকস্মিক ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে চাকাতি বালা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৮মার্চ) দিবাগত রাত ১টার দিকে সদর ইউনিয়নের চানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বৃষ্টি শুরু হয়ে ধীরে ধীরে ঝড়ের তীব্রতা বাড়তে থাকে। এ সময় প্রচণ্ড বাতাসে বাড়ির পাশে থাকা একটি বড় গাছ উপড়ে গিয়ে বৃদ্ধার ঘরের ওপর পড়ে। এতে ঘরটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ছেলে হরেণ চন্দ্র জানান, মা ঘরে একাই ছিলেন। ঝড়ের তীব্রতার কারণে আমরা বের হতে পারিনি। পরে ঝড় থামলে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই।
এদিকে, উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়ারপাড়া এলাকায় ঝড়ের সময় পাশের একটি নির্মাণাধীন চারতলা ভবনের দেয়াল ধসে বসতঘরের ওপর পড়ে। এতে ময়নুল ইসলাম (৫০) ও তার স্ত্রী খুকুমনী (৩৮) আহত হন। তারা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, হঠাৎ এই ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই ঘটনায় পাশের ওয়ার্ডে গাছ চাপা পড়ে একটি গরুও মারা গেছে।
শনিবার দুপুরে নিহতের বাড়ি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। এ সময় তিনি নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা, চাল ও শুকনো খাবার প্রদান করেন।
এদিকে, কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় গাছপালা ও বসতবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে শিলাবৃষ্টি হলেও ফসলের বড় ধরনের ক্ষতি হয়নি।



