
মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী ও পাম্প কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে এক পুলিশ সদস্য আহত হন এবং তার মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাঁশবাড়িয়া গ্রামের গাংনী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য গোপাল চন্দ্রকর গাংনী থানায় কনস্টেবল পদে কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহীদের জন্য ৫০০ টাকার নির্ধারিত সীমায় জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছিল।
তবে অতিরিক্ত তেল নেওয়াকে কেন্দ্র করে কয়েকজন মোটরসাইকেল আরোহীর সঙ্গে পাম্প কর্মচারীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠলে হট্টগোল ও সংঘর্ষের শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করতে গেলে কনস্টেবল গোপাল চন্দ্র কর হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও জানা যায়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
গাংনী থানার (ওসি তদন্ত) আল মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



