ঢাকা-চট্টগ্রাম, যানজট
মেঘনা সেতু সংলগ্ন জামালদী এলাকা থেকে ভবেরচর পর্যন্ত ঢাকামুখী সড়কে কয়েক কিলোমিটারজুড়ে গাড়ির সারি দেখা যায়।ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকায় দীর্ঘ লাইনে আটকে পড়েন সাধারণ যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, মেঘনা সেতু সংলগ্ন জামালদী এলাকা থেকে ভবেরচর পর্যন্ত ঢাকামুখী সড়কে কয়েক কিলোমিটারজুড়ে গাড়ির সারি দেখা যায়। বাস ও পণ্যবাহী ট্রাক ধীরগতিতে চলাচল করছে। প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর সাড়ে ১২টায়ও যানজট অব্যাহত ছিল।

ঢাকাগামী যাত্রী মিজান দেওয়ান জানান, জরুরি কাজে বের হয়ে বালুয়াকান্দি এলাকায় প্রায় এক ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে। এতে নির্ধারিত সময়ের অনেক পরে গন্তব্যে পৌঁছাতে হয়েছে।

অন্যদিকে, পণ্যবাহী ট্রাকচালক নুরুজ্জামান বলেন, বিকল্প সড়ক ব্যবহার করেও তেমন স্বস্তি পাওয়া যায়নি। অতিরিক্ত যানবাহনের কারণে প্রায় স্থির অবস্থায় চলতে হচ্ছে।

ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, অষ্টমী স্নান উৎসব উপলক্ষে লাঙ্গলবন্দ এলাকায় যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এই যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং যানজট নিরসনের চেষ্টা চলছে।