প্রধানমন্ত্রী, সেলিনা
নলডাঙ্গার আঁচড়াখালি সংলগ্ন এলাকায় মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে অসহায় সেলিনা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।ছবি: আরটিএনএন

নাটোরের নলডাঙ্গা উপজেলার আঁচড়াখালি সংলগ্ন এলাকায় অসহায় সেলিনা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

গত কয়েকদিন আগে “সিদ্ধ লাউ পাতায় ইফতার, শুধু পানিতে সেহরি” শীর্ষক একটি প্রতিবেদনে সেলিনা বেগমের দারিদ্র্য ও কষ্টের ছবি প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রীর নজরে আসে বিষয়টি। তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে সেই পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দেন।

ফলে শুক্রবার (২০ মার্চ) সকালেই ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে সেলিনা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা পরিবারের খোঁজখবর নেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং ঈদ উপহার হস্তান্তর করেন।

উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, রুবেল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পরিবারের পাশে থাকা এবং ঈদ উপলক্ষে উপহার পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে করা হয়েছে। নেতৃবৃন্দ আশ্বাস দেন, ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।