
আব্দুল মান্নান মতি মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত সহস্রাধিক মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।
বুধবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ১০টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, উপজেলা নায়েবে আমীর শিবলী নোমানী, সাবেক শিবির নেতা নুরে আলম সিদ্দীকি, হুমায়ুন কবির, জেলা শিবিরের প্রচার সম্পাদক সাইফুল্লাহ আল আরিফ, কসবা উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মুন্সীজাদা বরকতুল্লাহ, শ্রমিক কল্যাণের সভাপতি জামাল মিয়া, যুব বিভাগের সভাপতি সালাহ উদ্দিন, খাড়েরা ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম, কায়েমপুর ইউনিয়ন সভাপতি জমসিদ মিয়া, বায়েক ইউনিয়ন সভাপতি আলী আশরাফ, মূলগ্রাম ইউনিয়ন সভাপতি আবু হানিফ, মেহারি ইউনিয়ন সভাপতি আবুল হোসাইন, গোপিনাথপুর ইউনিয়ন সভাপতি ডা. গোলাম মোস্তফা প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে আতাউর রহমান সরকার বলেন, মানুষের অভাব-অভিযোগ শুনে কার্যকর ভূমিকা রাখতে একটি দায়িত্বশীল সরকার প্রয়োজন।
তিনি বলেন, ইনসাফপূর্ণ সমাজ কায়েম ব্যতীত এ দেশের মানুষের মুক্তি সম্ভব নয়। জামায়াতে ইসলামী সে ধরনের সমাজ প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছে।
ভিজিএফ কার্ড ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দ দলীয় কর্মীদের মাঝে বিতরণ না করে সুবিধাবঞ্চিত জনগণের মধ্যে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।



