
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ মার্চ ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১৭৯টি শাড়ি, ৪টি কম্বল, ৮টি শাল-চাদর, ২৮৩ প্যাকেট পাপড়, ১১২৮টি চকলেট এবং ১৮৪০টি কসমেটিক্স সামগ্রী। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার ৩২০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক ও অবৈধ চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দেশের সীমান্ত নিরাপদ রাখতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’



