সারাদেশ, গৃহবধু হত্যা, স্বামী আটক, হত্যা,
আটক স্বামী ও ট্যাঙ্কে গৃহবধুর মরদেহ।ছবি: আরটিএনএন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে নাসিমা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর-হঠাৎপাড়া গ্রামের নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, নাসিমা বেগমকে তার স্বামী হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে দেন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এসব তথ্য নিশ্চিত করেছেন। নাসিমা বেগম রাণীনগর-হঠাৎপাড়া গ্রামের মিজানুর রহমান ভেজুর স্ত্রী।

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, সকালে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় তার স্বামী মিজানুর রহমান ভেজুকে আটক করা হয়েছে। তিনি প্রাথমিকভাবে নাসিমা বেগমকে হত্যার কথা স্বীকার করেছেন।

ওয়াসিম ফিরোজ আরও বলেন, পারিবারিক কলহের জেরে রাতে বাড়ির ভেতরে ধারালো অস্ত্রের আঘাতে নাসিমা বেগমকে হত্যা করেন মিজানুর। পরে তার মরদেহ বাড়ির বাইরে এনে সেপটিক ট্যাংকে ফেলে দেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরবিএ/আরটিএনএন