মাইন বিস্ফোরণ, কক্সবাজার
মিয়ানমার সীমান্তের কাছাকাছি একটি এলাকায় কাজ করার সময় হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে।ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় মাইন বিস্ফোরণে মো. শাকের (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আহত শাকের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে।

সোমবার (৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমার সীমান্তের কাছাকাছি একটি এলাকায় কাজ করার সময় হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে শাকের গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, মাইন বিস্ফোরণে আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।