
পাবনার ভাঙ্গুড়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক শিশু এবং ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটেছে।
ভাঙ্গুড়া উপজেলার মৌহাট গ্রামের সোহেল রানার ছেলে, ১৩ মাস বয়সী তালহা, বাড়ির আঙ্গিনার গবাদিপশুর পানির পাত্রে পড়ে ডুবে মারা যায়। অপরদিকে ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল দশটার দিকে শিশু তালহা বাড়ির উঠোনে খেলছিল। খেলার এক পর্যায়ে সে আঙ্গিনায় রাখা পানির পাত্রের মধ্যে পড়ে যায়। স্বজনরা তালহার সন্ধান না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পাত্র থেকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু তালহাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক মারা যান। স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে পায়ে হেঁটে বড়ালব্রিজ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। সে সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানিয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে শিশুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া যায়নি। অভিভাবকদের আরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।”
অজ্ঞাত যুবকের ট্রেন ধাক্কায় মৃত্যুর বিষয়ে তিনি আরও বলেন, “এটি সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের এলাকা। তাদেরকে খবর দেওয়া হয়েছে এবং তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।”



