সারাদেশ, হত্যা, রাজনীতি, জাতীয়, খুন, প্রথম আলো, ইত্তেফাক, ঢাকা পোস্ট, সরকার, বিএনপি,
খুলনায় শ্রমিক নেতা হত্যা।ছবি: সংগৃহীত

শো-রুমে ঢুকে শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে জনসম্মুখে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় দৌড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে অস্ত্রসহ অশোক (৩৮) নামে এক শুটার আটক হয়েছে। 

বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে খুলনার ডাকবাংলা মোড়ে অবস্থিত বাটা শো-রুমে এ ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত মাসুম বিল্লাহ রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।

বাটার শো-রুমের কর্মকর্তা, কর্মচারীরা বলেছেন, ঈদের মার্কেট করতে অনেক ক্রেতা শো-রুমে ছিলেন। আমরাও ব্যস্ত ছিলাম। হঠাৎ বেশ কয়েকজন বাইরে থেকে দৌড়ে শো-রুমের ভিতরে চলে আসে, এসেই পেছন থেকে  এলোপাতাড়ি গুলি করে এবং কুপিয়ে একজনকে জখম করে। এ সময় ওই ব্যক্তি শো-রুমের একপাশে পড়ে যায়। এরপর সন্ত্রাসীরা শো-রুম থেকে বের হয়ে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‌নগরীর ডাকবাংলা মোড়ে ৭ জন সন্ত্রাসী মাসুম নামে একজনকে এলোপাতাড়ি কুপিয়েছে এবং গুলি করেছে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের একজন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তাকে আটক করে। আমরা বিদেশি পিস্তলসহ অশোক ঘোষ নামে এক সন্ত্রাসীকে আটক করেছি এবং তার সঙ্গে কে কে ছিল সেই তথ্য পেয়েছি। তাকে নিয়ে আমরা অভিযানে যাব এবং তাদেরকেও আইনের আওতায় আনব। আটক অশোক বি-কোম্পানীর একজন সদস্য বলে আমরা জানতে পেরেছি।’

ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহমুদ আলম বলেন, ‘ডাকবাংলা মোড় থেকে লোকজন দৌড়ে আসছিল। শুনেছি গুলি করেছে। এ সময় দেখি যে বাটার শো-রুমের ওদিক থেকে একজন রাস্তার মাঝ দিয়ে যাচ্ছে এবং কোমরে একটি পিস্তল গুজে রাখছে। এটি দেখে তাকে ধাওয়া করি। স্থানীয় লোকজনকে বলি তাকে ধরেন, আমি পুলিশ। এ কথা শোনার পরে লোকজন তাকে ধরে। আমি গিয়ে তাকে পিস্তলসহ কোমরে ধরে ফেলি। লোকজনকে বলি আমি পিস্তল ধরেছি, তাকে ঝাপটে ধরেন যেন ছুটে পালাতে না পারে। পরে আরও তিনজন সার্জেন্ট এগিয়ে আসলে লোকজনের সহায়তায় তাকে ধরে আনি।’

আরবিএ/আরটিএনএন