জামায়াত, সারাদেশ, বিএনপি, জাতীয়, রাজনীতি,
জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে লাঠিমিছিল করেছেন জামায়াত নেতাকর্মীরা।ছবি: আরটিএনএন

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে লাঠিমিছিল করেছেন জামায়াত নেতাকর্মীরা। আজ বুধবার বিকেলে গাংনী প্রধান সড়কে বিক্ষোভ মিছিল থেকে বিএনপি নেতা আসাদুজ্জামান বাবলুর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে গাংনী শহরের জামায়াত কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। লাঠি হাতে নিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে হাসপাতাল বাজারের দিকে এগিয়ে যান। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর কার্যালয়ের পাশ দিয়ে বিক্ষোভ করা হয়। সেখান থেকে তাঁর বিরুদ্ধে হুমকি দিয়ে স্লোগান দেওয়া হয়। মিছিলটি শিশিরপাড়া মোড় হয়ে আবারও গাংনী জামায়াতের কার্যালয়ের দিকে ফিরে যায়।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা শিবিরের সভাপতি শিহাব ইসলামসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, আজ দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জামায়াত নেতা ও কাজিপুর ইউপি চেয়ারম্যান মুহা. আলম হুসাইনের ওপর বিএনপি নেতাকর্মীরা হামলা চালান। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর সমর্থকরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়। এর প্রতিবাদে এ লাঠিমিছিল করে জামায়াত।