সারাদেশ, জাতীয়, রাজনীতি, জামায়াত, বিএনপি,  রাজনীতি,
জীবননগর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।ছবি: আরটিএনএন

চুয়াডাঙ্গার জীবননগরে সংঘর্ষে জামায়াতকর্মী নিহতের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (৪ মার্চ) দুপুরে জীবননগর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন বলেন, জমিসংক্রান্ত ব্যক্তিগত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটলেও রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাকে মামলায় জড়ানো হয়েছে। এটি রাজনৈতিক সংঘর্ষ নয়। অথচ ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে।

তিনি দাবি করেন, সংঘর্ষের সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তারপরও তাঁকে আসামি করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অযথা হয়রানি বন্ধের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীরসহ অন্যরা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শনিবার রাতে জীবননগরের হাসাদাহ বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াতকর্মী হাফিজুর রহমান নিহত হন। আহত হন উভয় পক্ষের আরও পাঁচজন। ওই ঘটনায় রোববার (২ মার্চ) জীবননগর থানায় আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।