
সরকারি ভূমি অফিস সকাল ৯টা থেকে খোলা থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ে অফিসে কাউকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। প্রান্তিক পর্যায়ে জনগণ যে সেবা পাওয়ার অধিকার রাখেন, তা নিশ্চিত করতেই এ ধরনের র্যান্ডম পরিদর্শন।
সদর অফিসে কেউ উপস্থিত না থাকায় প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর এক ব্যক্তি এসে কার্যালয়ের তালা খুলে দেন। তবে তখনও কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
অফিস কক্ষে অবস্থান নিয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, এটি র্যান্ডম সিলেক্টেড অফিস। কর্মকর্তারা এলে তাদের কাগজপত্র, সেবার মান এবং পেন্ডিং কাজগুলো আমরা পর্যবেক্ষণ করব। নির্ধারিত সময় অফিস খোলা না থাকা পুরোপুরি অগ্রহণযোগ্য।
দুর্নীতিবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, অফিসিয়াল প্রসিডিউর অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের আকস্মিক পরিদর্শন সারাদেশে অব্যাহত থাকবে, যাতে প্রান্তিক জনগণ নির্ধারিত সময়েই কাঙ্ক্ষিত সেবা পান।
বর্তমানে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট ভূমি কার্যালয়েই অবস্থান করছেন।



