সারাদেশ, বিআরটিএ, সড়ক দূর্ঘটনা, বাইক, মোটরসাইকেল, একসিডেন্ট,
ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরন করে বিআরটিএছবি: সংগৃহীত

খুলনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ৯৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার মোট ৪৬ জন ক্ষতিগ্রস্তের হাতে এ চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে খুলনার ২৩ জন, সাতক্ষীরার ১৩ জন এবং বাগেরহাটের ১০ জন রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও তা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কঠোর আইন প্রয়োগ অপরিহার্য। তিনি জানান, দেশের প্রায় ৭০ শতাংশ সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল সংশ্লিষ্ট। তাই মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরিধান বাধ্যতামূলক করার ওপর জোর দেন তিনি।

তিনি আরও বলেন, পেশাদার চালকদের জন্য প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে এবং সড়ক নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। চালকদের দায়িত্বশীল আচরণের পাশাপাশি যানবাহনের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটারের মধ্যে রাখার আহ্বান জানান তিনি।

খুলনার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরটিএর পরিচালক (অডিট ও আইন) রুবায়াৎ-ই-আশিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, খুলনা বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. জিয়াউর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হাসান খান, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রবিউল করিম, ট্রাক শ্রমিক-মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মো. আসলাম হোসেন গাজী বক্তব্য দেন।

খুলনা জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। শেষে প্রধান অতিথি ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের চেক তুলে দেন।

আরবিএ/আরটিএনএন