
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনের অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোটে এক ইমাম ও খতিবকে চাকরিচ্যুত করা হয়েছে। ঘটনাটি উপজেলার হেসাখাল ইউনিয়নের খামারপাড়া মজুমদার বাড়ি জামে মসজিদে।
চাকরিচ্যুত ইমাম আব্দুল আলিম ভূঁইয়া ২০২১ সাল থেকে ওই মসজিদে দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি হেসাখাল স্কুল কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) নামাজ পরিচালনার জন্য অন্য একজন ইমাম ঠিক করে দেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মসজিদ কমিটির সভাপতি ওবায়েদ মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনে জামায়াতের এজেন্ট হিসেবে কাজ করায় বিভিন্ন দিক থেকে চাপ আসে। এ কারণে ১৩ ফেব্রুয়ারি তাকে মসজিদে যেতে নিষেধ করা হয় এবং ১৫ ফেব্রুয়ারি ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
ইমাম আব্দুল আলিম বলেন, তিনি মাসে সাত হাজার টাকা বেতনে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করতেন। নির্বাচনে এজেন্ট হওয়ায় স্থানীয় এক বিএনপি নেতা তাকে মসজিদে না যেতে বলেন এবং গেলে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেন।
মসজিদ কমিটির সেক্রেটারি মোজাফফর হোসেন সেলিম দাবি করেন, জুমার নামাজের সময় ইমামকে না পেয়ে কারণ জানতে চাইলে তার ওপর হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, শহীদ জিয়া স্মৃতি সংসদের নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার ইমামকে চাকরিচ্যুত করার ক্ষেত্রে প্রভাব রাখেন।
তবে অভিযুক্ত জাহাঙ্গীর আলম মজুমদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে জানা গেছে।



