মেহেরপুরে রমজানের অগেই বেড়েছে মুরগির দাম 
মেহেরপুরে রমজানের অগেই বেড়েছে মুরগির দাম ছবি: আরটিএনএন

মেহেরপুরে হাট বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও মুরগির দাম বেড়েছে। রমজান শুরুর  আগে থেকেই অস্থিরতা বিরাজ করছে মুরগির দামে। এতে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

আজ বুধবার বাজার ঘুরে দেখা গেছে, ছোলা, চাল, ডাল, তেল ও খেজুরের বাজার  দর স্থিতিশীল রয়েছে। তবে শীতকালীন সবজির মৌসুম শেষ হওয়ায় কিছু কাঁচা সবজির দাম বাড়তির দিকে।

সবচেয়ে বেশি দাম বেড়েছে ব্রয়লার, লেয়ার ও পোল্টি মুরগিতে। গেল এক সপ্তাহ ধরে প্রতি  কেজিতে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গরু ও খাসির মাংসের উর্দ্ধমুখী দামে সাধারণ মানুষের ভরসা পোল্টি মুরগির দাম বাড়ায় ক্রেতাদের মাঝে হতাশা দেখা দিয়েছে। মুরগির সরবাহ কম থাকায় দাম বেড়েছে বলে জানায় মুরগি ব্যবসায়ীরা।

মুরগি ব্যবসায়ী বাপ্পি হোসেন জানান, হঠাৎ করেই প্রতি কেজি মুরগির দাম ৩০ থেকে ৪০ টাকা বেড়ে গেছে। তিনি বলেন, মেহেরপুর জেলার স্থানীয় খামারগুলোতে পর্যাপ্ত মুরগি না থাকায় বাইরের বিভিন্ন জেলা থেকে বেশি দামে মুরগি কিনে আনতে হচ্ছে। এজন্য আমরাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।


বর্তমানে বাজারে সোনালি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০০ থেকে ৩১০ টাকা, দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকা এবং বয়লার মুরগি ২০০ থেকে ২১৫ টাকায়। গত এক সপ্তাহ ধরে এই বাড়তি দাম কার্যকর রয়েছে বলে জানান তিনি। এদিকে গরুর মাংস আগের  ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন সাধারণ ক্রেতারা।