আমীর খসরু, বিএনপি
বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়তে হলে তাঁদের মনের কথা ও মতামত জানতে হবে। তরুণদের কথা না শুনে তাদের নিয়ে নীতি বা পরিকল্পনা করা সম্ভব নয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী রোডের বেড়িবাঁধ এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্থানীয় তরুণদের উদ্যোগে ‘আমরা ১১ ইয়ুথ টক’ শিরোনামে এই সভার আয়োজন করা হয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তরুণদের চাওয়া-পাওয়া কী, তারা কী ভাবছে এবং কোন কোন জায়গায় ভালো কিছু করা যায়—এসব জানতে হবে। দেশ গড়তে হলে সবাইকে সঙ্গে নিয়ে গড়তে হবে। সবার কথা শুনতে হবে, বুঝতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন ফরম্যাটে তরুণদের পাশাপাশি সাধারণ নাগরিকদের কথাও শোনা হবে। নাগরিকদের মতামত ছাড়া দেশ পরিচালনা সম্ভব নয়। জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোই অংশগ্রহণমূলক গণতন্ত্রের মূল বিষয়। অর্থনীতি, খেলাধুলা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রেই গণতন্ত্রায়ন প্রয়োজন।

বিএনপির এই নেতা বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, যে কোনো ক্রান্তিকালে বিএনপি সব সময় সংকট উত্তরণে কাজ করেছে এবং জনগণের পাশে থেকেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি আন্তর্জাতিক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। এ ছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, সদস্য সরফরাজ কাদের রাসেল, বিএনপি নেতা মো. আশরাফ, ডা. ফারহানাজ মাবুদ সিলভীসহ বিভিন্ন পেশাজীবী তরুণরা অংশ নেন।