
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবুর ইশতেহার ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপজেলার নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে নাসিরুল হক সাবুর পক্ষে ইশতেহার পাঠ করেন তাঁর ভাই এ আর মাহমুদুল হক রোজেন। ইশতেহারে মোট নয়টি অঙ্গীকার তুলে ধরা হয়। এগুলো হলো—শিক্ষা ও তরুণদের জন্য অঙ্গীকার, নারীদের জন্য অঙ্গীকার, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য অঙ্গীকার, পেশাজীবী ও শ্রমিকদের জন্য অঙ্গীকার, শিশুদের জন্য অঙ্গীকার, কৃষকদের জন্য অঙ্গীকার, ব্যবসায়ীদের জন্য অঙ্গীকার, অমুসলিমদের জন্য অঙ্গীকার এবং সার্বজনীন অঙ্গীকার।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্ট এবিএম নজিমুদ্দিন আহমেদ অভিযোগ করেন, বিএনপি প্রার্থী হারুন অর রশিদের সমর্থকেরা তাঁদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন এবং হুমকি দিয়ে আসছেন। এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। তিনি এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু, সাবেক সংসদ সদস্য ছদরুল আমিন হাবিব, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদসহ স্থানীয় নেতাকর্মীরা।



