
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চাড়ালডাঙ্গা সীমান্ত থেকে আটক দুই ভারতীয় নাগরিককে বিজিবি ফেরত দিয়েছে । বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর ফেরত দেওয়া হয় তাদের ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ।
দুই ভারতীয় নাগরিক হলেন- মালদার হবিপুর থানার টিলাশন গ্রামের দেবেন মোহলদারের ছেলে বাচ্চন মোহলদার ও সন্তোষ মহোলদারের ছেলে রাজু মোহলদার। তারা দুজনেই পেশায় জেলে।
বিজিবি অধিনায়ক বলেন, বুধবার দুপুরে চাড়ালডাংগা সীমান্তের ২১৯ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে সিরামের দাড়া বিলে নিজ নিজ দেশের সীমানায় মাছ ধরছিলেন বাংলাদেশ ও ভারতীয় জেলেরা। বাচ্চন ও রাজু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে তাদের ধরে আনে বাংলাদেশি জেলেরা। পরে কেতাববাজার এলাকা থেকে ওই দুই ভারতীয় নাগরিককে জেলেদের কাছ থেকে উদ্ধার করে বিজিবি।
আজ বৃহস্পতিবার জিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে বাচ্চন ও রাজুকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।



