
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জোহানেসবার্গের বারাকওয়ানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবু নাসের শামীম (বারা শামীম)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল রশিদের ছেলে। তার স্ত্রী ও চার ছেলে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় প্রবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ফোর্ডসবার্গ থেকে বাজার করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছান শামীম। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা এক ব্যক্তি তার মাথায় পিস্তল ঠেকিয়ে ৫ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন জানান, বিকেলে ফোর্ডসবার্গ থেকে বাজার করে ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছানোর পর আগে থেকে ওঁৎ পেতে থাকা কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস জানান, তার বাবা আবু নাসের শামীম ২০০৭ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় যান। চার বছর আগে দেশে ফিরে পুনরায় সেখানে গিয়ে ব্যবসা শুরু করেন। বর্তমানে তার ৪–৫টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। কিছুদিন আগে একটি বড় দোকান বিক্রি নিয়ে তার বাবার সঙ্গে এক ব্যবসায়িক অংশীদারের বিরোধ সৃষ্টি হয়। তবে ওই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড কিনা, তা নিশ্চিত নন তিনি।
তিনি আরও জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।



