মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি নিহত।
মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি নিহত। ছবি: সংগৃহীত

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মালয়েশিয়ায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সকালে দেশটির জোহর রাজ্যের পাসির গুদাংয়ের মাসাই কংকং সড়কে এ ঘটনা ঘটে।

নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন সেরি আলাম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সোহাইমি ইশাক। তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি, তবে তার বয়স ৪২ বছর বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই কর্মী নিজের হোন্ডা ওয়েভ মোটরসাইকেল নিয়ে মাসাই শহর থেকে কোটা মাসাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যান। এ সময় প্রথমে একটি মোডিনাস মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। পড়ে গেলে পেছন থেকে আসা আরেকটি ইয়ামাহা মোটরসাইকেল তার ওপর চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় অপর দুই মোটরসাইকেল আরোহী ও দুই স্থানীয় তরুণ সামান্য আহত হয়েছেন। তাদের পাসির গুদাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারায় বিষয়টি তদন্তাধীন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের ০৭-৩৮৬৪২২২ নম্বরে তথ্য দিতে আহ্বান জানিয়েছে পুলিশ।